জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। এ জন্য ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পুলিশের বিশেষ শাখা (এসবি) সারাদেশে সংস্থার ভেতরে ‘সতর্কতা’ জারি করেছে ।
এসবি’র এক চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, ‘এই সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা হতে পারে। পাশাপাশি হতে পারে সরকারবিরোধী প্রচারণা।’
একটি সংঘবদ্ধ রাজনৈতিক গ্রুপ, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকরা এসব কর্মকাণ্ড চালাতে পারে বলে সংস্থাটি মনে করছে।
ওই চিঠিতে রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ‘বাড়তি নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ এবং সাইবার গোয়েন্দা তৎপরতা জোরদারের’ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ‘ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো যে কর্মসূচি দিচ্ছে, তা ভিন্নপথে চালিত হয়ে সহিংসতায় রুপ নিতে পারে। এই সুযোগে সরকার বিরোধী গোষ্ঠীগুলো উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে।’
সোমবার পুলিশের বিভিন্ন ইউনিটে এই চিঠিটি পাঠানো হয়েছে বলে একজন উর্ধতন পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গঠন করে। এর বর্ষপূর্তিকে সামনে রেখে গত ১ জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন কর্মসূচি পালন করছে।


