কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার জব্দের জেরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের নিমসার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিমসার কলেজ গেট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাচ্ছিল। এ সময় হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
জানা গেছে, হামলায় হাইওয়ে পুলিশের তিন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন।
কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।


