গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্র্রেস ইউং জানায়, শোক বার্তায় তিনি বলেন, ‘জীবন রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটার ও আরও এক নাগরিক প্রাণ হারিয়েছেন—এটি অত্যন্ত বেদনাদায়ক।’ এ সময় নিহতদের আত্মার শান্তি কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বদা মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে নিজেদের জীবন বিপন্ন করে কাজ করেন। আজকের এই দুর্ঘটনা আবারও দেখাল তারা কত বড় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
‘এই ঘটনায় শুধু কয়েকজন প্রাণ হারানো নয়, বরং সাহস, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণও সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস সব সময় দেশের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য সহায়। আজ সেই দায়িত্ব পালনের সময় তাদের জীবন দিতে হয়েছে, যা পুরো জাতির জন্য গভীর শোকের বিষয়’, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান।

শোকবার্তায় তিনি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রিয়জনরা নিছক প্রাণ হারাননি, তারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এ আত্মত্যাগকে দেশের মানুষ চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
গত ২২ সেপ্টেম্বর টঙ্গী বিসিক এলাকার সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৫৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় আচমকা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চার ফায়ার ফাইটার ও কারখানার এক কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ হয়ে দুই ও ৪২ শতাংশ দগ্ধ নিয়ে এক ফায়ার কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ৯৫ শতাংশ দগ্ধ হয়ে মারা যান কারখানা কর্মী।


