ময়মনসিংহ-১: ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি প্রিন্সের

ময়মনসিংহ-১: ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি প্রিন্সের
নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুর্নগণনার দাবি জানিয়েছেন।

শনিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছে। এ সময় স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।’

তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ধানের শীষ প্রতীকের এজেন্টদের ওপর চাপ সৃষ্টি করে ভোট গণনার আগেই জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের ব্যালট পেপার অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ধানের শীষের ভোট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণনা করা হয়েছে। এসব ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন

প্রিন্স বলেন, ‘নির্বাচন পরবর্তী সময়েও বিএনপির নেতাকর্মীদের হত্যা, হামলা, হুমকি, মারধর এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।’ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।’

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad