ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু এবং ২১ শিশু সুস্হ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে ৯৬ শিশু চিকিৎসাধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম ইউনিটের ফোকালপারসন ডা. গোলাম মাওলা এসব তথ্য জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৫ মে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর বুধবার ভোর ৩টার দিকে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তিন মাস বয়সী এক ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে মারা যায়। জামালপুরের ওই শিশু গত সোমবার হাসপাতালে ভর্তি হয়।
ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট এক হাজার ২৯৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে এক হাজার ১৬৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
হামে আক্রান্ত হয়ে ভর্তিকৃতদের মধ্যে বুধবার পর্যন্ত ৩১ শিশু মারা গেছে।


