নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের আটজন এইচএসসি পরীক্ষার্থী ফরম পূরণের জন্য টাকা জমা দেওয়ার পরও পরীক্ষায় অংশ নিতে না পারার ঘটনায় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, কলেজের অফিস সহকারী অমিত কুমার শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা নিলেও তা যথাযথভাবে জমা দেননি। ফলে প্রবেশপত্র না পাওয়ায় তারা বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর নির্দেশের পর রাজশাহী শিক্ষা বোর্ড দ্রুত শিক্ষার্থীদের ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে তারা শনিবার থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে তিনি নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে পুলিশ অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঘটনার তদন্তে আব্দুলপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ছাড়াও বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে এক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগও পেয়েছে মন্ত্রণালয়। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর ফরম পূরণের কাজও সম্পন্ন হয়েছে এবং তিনি শনিবার থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


