ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন আজহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সোয়া ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাসনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টার দিকে বাসটি আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


