সফলভাবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় শিক্ষার্থীদের প্রতি গণমানুষের প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এস এম এ ফায়েজ।
তিনি বলেন, ‘তোমাদের দায়িত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তাই সমাজ বিনির্মাণে তোমাদের এগিয়ে আসতে হবে। জাতির প্রত্যাশা পূরণে সজাগ থাকতে হবে।’
বুধবার ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ইউজিসি চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাছুমা হাবিব, মোহাম্মদ আইয়ুব ইসলাম, শেকৃবির উপাচার্য মো. আব্দুল লতিফ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য রেজাউল করিম।
ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় বক্তরা বলেন, ইউনেস্কোর সহায়তায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সুরক্ষা সেবা কার্যক্রম শুরু করেছে ইউজিসি। প্রথম ধাপে শেকৃবি ও জবির প্রায় এক হাজার শিক্ষার্থীকে এই সেবা দেওয়া হবে।
‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের অধীনে দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন দেওয়া হবে। ধাপে ধাপে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান বক্তারা।


