ভোট নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি বা অনাকাঙ্খিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত হয় তাহলে যেকোনো ফল মেনে নিতে আপত্তি নেই।
তারেক রহমান সকালে গুলশান মডেল স্কুলে ভোট দেন। পরে রাজধানীর কয়েকটি এলাকায় ভোটকেন্দ্র ঘুরে দেখেন তিনি।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে নিজের অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় রাজধানীতে ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট গণনা দেরি হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনে ফল প্রকাশের একটি নির্ধারিত সময় আছে। বিএনপি আশা করে নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে।


