গাইবান্ধার সাঘাটা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে বাশেদ আলী (বয়স অজ্ঞাত) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া গ্রামের বাসিন্দা ও কুদ্দুর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি ভোট দিতে কেন্দ্রে যান। ভোট দেওয়া শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, ‘কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে তিনি অসুস্থ হন। পরে মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতের ছোট ভাই সাইদুর রহমান ওই কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় তিনি লিখিতভাবে অবহিত করে অন্য একজনকে এজেন্টের দায়িত্ব দিয়ে চলে যান।’
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির জানান, বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।


