দেশের ভবিষ্যতের চাবিকাঠি ভোটারদের হাতে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী তাসলিমা আখতার আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোট উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর মগবাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং সকল নাগরিকের মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার ক্ষমতা এখন ভোটারদের হাতে রয়েছে।
ঢাকা-১২ আসন থেকে মাথাল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাসলিমা আখতার সোমবার বিকেলে মগবাজার এলাকায় প্রচারণার সময় এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ এলাকায় জনগণের পক্ষের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে ভোটাররা সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদ জানান।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন নির্বাচনী টিমের সদস্যরা, ঢাকা-১২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার, গণসংহতি আন্দোলনের মহানগর পর্যায়ের সংগঠক ও কর্মীরা এবং তার সমর্থকরা।
বিকালে মগবাজার ওয়্যারলেস এলাকা থেকে প্রচারণা শুরু করে তিনি মীরবাগ ও মধুবাগ ঘুরে মধুবাগ খেলার মাঠের কাছে নিজের নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘আমরা জনগণের কথা শুনতে চাই। জনগণের দাবি-দাওয়া শুনে সেগুলো পূরণ করতে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। ওপর থেকে জনগণের ওপর নীতি বা কর্মসূচি চাপিয়ে দেওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’
এর আগে দিনের প্রথম ভাগে তিনি রাজধানীর বাংলামটর সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন। সেখানে স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


