ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এলাকায় ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
সোমবার কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এই ক্যাম্পের মাধ্যমে কড়াইল, সাততলা ও টিএনটি বস্তির বাসিন্দারা বিনামূল্যে শারীরিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের নানা সমস্যা ও জীবনসংগ্রামের কথা শোনেন ডা. জুবাইদা রহমান। তিনি তাদের সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
ক্যাম্পের প্রথমদিন সোমবার পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি, ব্লাডসুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়। এ ছাড়া ক্যাম্পে উপস্থিত শিশু শিক্ষার্থীদের মধ্যে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্ল্যানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, ঢাকা-১৭ আসনে নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন, প্রফেসর ডা. খবির উদ্দিন এবং ১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল আলীম নকি প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


