ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫২ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩৭১।
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ নভেম্বরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৫০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২২১, বরিশালে ২১৩, রাজশাহীতে ১৪৮, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৬৭, সিলেটে ১৯ এবং চট্টগ্রাম বিভাগে ২৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের তিনজন এবং খুলনা বিভাগের একজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৩৯ জন।


