ভূমি-জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হবে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করলে দুর্ভোগ অনেকটা লাঘব হবে। পাশাপাশি ভূমি অফিসগুলোতে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম।
মঙ্গলবার সকালে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয় বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।’
ভূমি-জমি ব্যবস্থাপনা আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করার প্রতি জোড় দিয়ে তিনি বলেন, ‘জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করলে জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে। একইসঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও কমবে।’
সারাদেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সবমিলিয়ে ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সরকারের প্রধান অগ্রাধিকার আদালতে বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি।
প্রধানমন্ত্রীর মতে, ‘জমিজমা সংক্রান্ত মামলা বা দেওয়ানি মামলাগুলো পর্যায়ক্রমে আলোচনা, মধ্যস্থতা, সালিশ, কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে। অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। এতে বিরোধ নিষ্পত্তিতে সময় কম লাগার পাশাপাশি অনেকক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না।’
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ভূমি সচিব এএসএম সালেহ উদ্দিন।


