ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারী ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাফি (বয়স আনুমানিক ২৫-৩০) নামের ওই নারী দীর্ঘদিন ধরে সরাইলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিজের নাম ছাড়া বিস্তারিত কোনো পরিচয় জানাতে পারেন না। শুধু এটুকু বলতে পারেন, তার বাড়ি বিয়ানীবাজার। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে বাজারের একটি চায়ের দোকানেই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং মা ও নবজাতককে প্রাথমিক সহায়তা দেন। বর্তমানে মা ও নবজাতক স্থানীয় বাসিন্দা জাহেদ মিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, নবজাতক ও ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
স্থানীয়রা মা ও নবজাতকের নিরাপত্তা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


