ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ১৬৪ জন আহত এবং ১৪ জন এখনও নিখোঁজ আছেন।
শুক্রবার উত্তর-মধ্যাঞ্চলীয় উপকূলে আঘাত হানে টাইফুন বুয়ালোই। এতে বিশাল সামুদ্রিক ঢেউ, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, স্কুল, অফিসসহ অন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।
বন্যায় তলিয়ে গেছে সাড়ে দুই লাখেরও বেশি বাড়িঘর। প্রায় ৬৯ হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি বিভাগ।
এছাড়া, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় বিদ্যুৎহীন অবস্থায় দিন পার করছেন উপকূলীয় এলাকার কয়েক লাখ পরিবার। ভিয়েতনাম সরকার জানিয়েছে, বন্যা ও টাইফুনে প্রাথমিকভাবে প্রায় ১৬ লাখ কোটি ডং (৬০ দশমিক ৩ কোটি ডলার) ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
টাইফুন বুয়ালোই যে পথে এগিয়েছে, সে পথেই রয়েছে ফক্সকন, ফোরমোসা প্লাস্টিকস, লাক্সশেয়ার, এবং ভিনফাস্টের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কারখানা। তবে, দুর্যোগে শিল্প-কারখানাগুলোর মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে তাগাদা দিয়েছে ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ পুনর্গঠন বা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তারা।
ভিয়েতনামের ডেপুটি গভর্নর ফাম তান হা বলেছেন, দেশের অর্থনৈতিক পুনর্গঠন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং ব্যবসায়িক খাতে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় এবং উন্নয়ন সংস্থাও ভিয়েতনামের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।


