বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি ১৬ মিলিয়ন অনুসারী যার, সেই চিত্রনায়িকা পরীমনি এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দশম পর্বে। শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩ দশমিক ৬ এফএম-এ প্রচারিত হবে বিশেষ এই পর্বটি।
পরীমনি এই পর্বে প্রায় ১০০ মিনিট ধরে এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি। আগের থেকে অনেক বেশি পরিণত পরীমনি পডকাস্টে বলেছেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি। যেটা আগে করতাম না’।
তার এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে পরী আরও বলেন, ‘এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে’।
মজা করে তিনি বলেন, ‘আমি এখন পুন্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখ-ভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।’
সিনেমায় অভিনয়ের আগে নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন বলে জানান পরী। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমত পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি। বরিশালে নানার মৃত্যুবার্ষিকীতে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন, অন্য রান্নারও তদারকি করেছিলেন বলে জানান পডকাস্টে।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।


