ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরাইয়া আক্তার (১১ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদি সনি খাতুন গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ময়মনসিংহের হালুয়াঘাট কড়ইতলা এলাকার ছমির উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, সুরাইয়া তার মা ও দাদির সঙ্গে নানা বাড়ি থেকে সিএনজিতে ময়মনসিংহের কড়ইতলিতে যাচ্ছিল। পথে ভরাডেবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সনি খাতুন ও তার কোলে থাকা সুরাইয়া ছিটকে নিচে পড়লে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ সময় সনি খাতুনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


