মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দেবর পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁচামারা বাজারের কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা খাতুন (৩০) এবং তাদের ১৬ মাস বয়সী ছেলে আসলাম। অভিযুক্ত ইউসুফ আলী (৪০) সালামের ছোট ভাই।
স্থানীয়দের দাবি, ভাবি ও ভাতিজাকে হত্যার পর বড় ভাই সালামকেও হত্যার চেষ্টা চালায় ইউসুফ আলী। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যাকাণ্ডে হাতুড়ি ও বটি ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।‘


