একটি দল ধর্মের অছিলায় রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন। তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চান।
তিনি বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই। তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে।
আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে- এমন কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, দেশে যেন আর কোন দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে।
বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতির কথাও জানান সালাহউদ্দিন আহমদ।
বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠের এই জনসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও বমুবিলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব।


