ঢাকা-১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আরিফুলের অভিযোগ, বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী সকালে তার গণসংযোগে এ হামলা চালায়।
তার দাবি, এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের অনুসারীরাই এসব হামলা ও বাধা সৃষ্টি করছে। রোববারও একই এলাকায় তাদের নেতাকর্মীদের হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আরিফুল ইসলাম জানান, রাতেই বিষয়টি এস এম জাহাঙ্গীরকে জানানো হয়েছিল। তিনি এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তার বাস্তবায়ন দেখা যায়নি।
তার অভিযোগ গত দুই দিনে ঢাকা-১৮ আসনে তাদের নির্বাচনী প্রচারণায় একাধিক হামলা ও বাধার ঘটনা ঘটেছে। যার মধ্যে আবদুল্লাহপুরে এক জামায়াত কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। খিলক্ষেতের বরুয়া এলাকায় রোববার নির্বাচনী অফিস উদ্বোধনের সময় মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে, তুরাগ ও নিকুঞ্জ এলাকায় নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হামলার মতো কোনো ঘটনা ঘটার কথা নয় এবং বিএনপির কেউ কারও ওপর হামলা করতে পারে না।’
হামলার ঘটনা সম্পর্কে জানেন না দাবি করে বিষয়টি খোঁজ নেওয়ার কথা কলেন।
এনসিপির নিন্দা
আরিফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।
সেখানে বলা হয়, ‘৫ আগস্ট থেকে অবাধ্য দলীয় কোন্দল, চাঁদাবাজি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে বিএনপির অবাধ্য সন্ত্রাসীদের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দলীয় কর্মী, সাধারণ মানুষ ও ব্যবসায়ী খুন হওয়ার ঘটনা ঘটছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির সন্ত্রাসীদের দ্বারা একজন এমপি প্রার্থীর উপর এমন ন্যাক্কারজনক হামলায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে।’
এনসিপি মনে করে, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতাকে সহিংসতায় রূপ দেওয়া গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।


