নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ভক্ত-অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে অনন্ত জলিল জানান, একটি অসাধু চক্র তার নাম ও পরিচিতি ব্যবহার করে বিভিন্ন ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। বিশেষ করে ক্যাসিনো ও জুয়াসংক্রান্ত কিছু প্ল্যাটফর্ম তার নাম জড়িয়ে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন এই অভিনেতা।
অনন্ত জলিল স্পষ্ট ভাষায় বলেন, এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দূরে থাকার অনুরোধ জানান।
ভক্ত ও অনুসারীদের উদ্দেশে তিনি আরও বলেন, তার সম্পর্কে সঠিক তথ্য জানতে যেন সবাই শুধুমাত্র তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করেন। পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্মে তার নাম ব্যবহার করে প্রচারিত পোস্ট বা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।


