ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যাম গ্রামের রফিক মিয়ার ছেলে ও মাহিম শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নারুই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাব্বি ও মাহিম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল দুটিতে থাকা আরও তিন আরোহী। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিফাত জানান, নিহত দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত বাকি তিনজনের অবস্থাও গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


