‘মানুষ বেঁচে থাকো শিশুর হাসি নিয়ে’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজন করতে যাচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব ‘নাট্য উৎসব ২০২৬’।
আগামী ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টানা চার দিন চলবে এই নাট্যোৎসব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ-এ প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক মঞ্চায়িত হবে।
উৎসবের সূচি অনুযায়ী, প্রথম দিনে মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটার প্রযোজিত ‘রংমহল’। দ্বিতীয় দিনে থাকবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত ‘অশ্বথামা’।
তৃতীয় দিন ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী আয়োজন ‘মধ্যরাতের কবিতা ও গান’। চতুর্থ ও শেষ দিনে, ১ মে জহির রায়হান মিলনায়তন-এর ৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান।
এ বছর জাহাঙ্গীরনগর থিয়েটার পদক ২০২৬ (নাট্য ব্যক্তিত্ব) পাচ্ছেন দিলারা জামান। শিক্ষা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন অরুণ কুমার বসাক। এ ছাড়া আলোক কুমার রায় পদক ২০২৬ গ্রহণ করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও থিয়েটারকর্মী মহিসিনা আক্তার।
আয়োজকরা জানান, উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং সংস্কৃতি চর্চার ধারা বহমান রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


