ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহনের একটি বাস পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাটিহাতা হাইওয়ে থানায় কর্মরত সার্জেন্ট ওমর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী (৭০) ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস (৩০), নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে একই দিকে চলন্ত একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চারজন বাস যাত্রী নিহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। তিনি জানান, দুর্ঘটনার পর বাস, পিকআপ চালক ও এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


