ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিলে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে উপজেলার চরলাপাং এলাকায় এ ঘটনা ঘটে৷
গুলিবিদ্ধরা হলেন- নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম (১৬), ইব্রাহিম (৩০)। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারীরা নির্দিষ্ট সীমা ছেড়ে অবৈধভাবে চরলাপাং এলাকা থেকে বালু উত্তোলন শুরু করে। এতে চরলাপাং গ্রামের কৃষি জমিসহ আশপাশের এলাকায় ভাঙন ঝুঁকি তৈরি হয়।
এমন পরিস্থিতিতে রোববার সকালে ফের বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে এক পর্যায়ে পাশের নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছুড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের ছররা গুলি লেগেছে। প্রত্যেকেই শঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


