নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই লরির চাপায় এক নারী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রোকেয়া আক্তার (৪৫), তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা ও আব্দুল জব্বারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন বিকাল সাড়ে ৩টার দিকে পূর্ব বাজারে শাহাবাজ মিয়ার দোকানের সামনে পাকা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তারকে ঢাকার একটি মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে আসছিলেন। রেন্টিতলা মোড় থেকে তারা একটি মোটরসাইকেলে ওঠেন।
মোটরসাইকেলটি রংছাতি ইউনিয়নের রামনাথপুরের দিকে যাচ্ছিল। পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরিকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।
এ সময় রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং লরির নিচে চাপা পড়েন। লরিটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে মাথা থেঁতলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক মো. সিদ্দিক হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।’ আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


