চট্টগ্রামে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের শাখায় দ্বিতীয় দিনের মতো তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।
হেয়ার কাট (মুনাফা কেটে রাখা) বাতিল এবং স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালুর দাবিতে রোববারের পর সোমবার সকালেও নগরের আগ্রাবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, একীভূতকরণ প্রক্রিয়ার কারণে আমানত উত্তোলনে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
রোববারের মতো সোমবারও তারা আগ্রাবাদ এক্সেস সড়কে মিছিল করেন এবং পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিভিন্ন ব্যাংকের শাখার সামনে গিয়ে বিক্ষোভ ও তালা ঝুলিয়ে দেন।
আন্দোলনকারীদের দাবি, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ গ্রাহকের ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে বলে দাবি তাদের।
আন্দোলনকারীরা বলেন, হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, পাশাপাশি আমানত উত্তোলনে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে।
রোববারের ঘটনায় ব্যাংক শাখায় কিছু কর্মকর্তা ভেতরে আটকে পড়ার ঘটনাও ঘটে, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে সোমবার পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
আমানতকারীরা সতর্ক করে বলেন, দ্রুত সমাধান না এলে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।


