জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত এড হক কমিটির প্রধান হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। এর মধ্যে অন্যতম প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানো, সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করা। সেই ধারাবাহিকতায় এবার সাবেক ক্রিকেটারদের জন্য ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের আদলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করা হচ্ছে বিশেষায়িত লাউঞ্জ।
রোববার বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে যে ১৭০-১৮০ জন ক্রিকেটার খেলেছেন তাদের জন্য একটা সুন্দর লাউঞ্জ বানিয়ে দিচ্ছি এখানে। শুধু এটা নয়, ইন্টারন্যাশনাল গ্যালারির সামনে যে সিটগুলো আছে ,মাঝখানে যে ডিভাইডার আছে সেটা খুলে যাবে।’
লাউঞ্জে বসে সাবেক ক্রিকেটারদের খেলা দেখার সুবিধার্থে সিট সরিয়ে বানানো হবে ব্যালকনি। তামিম বলেন, ‘এই সব সিটগুলোকে উন্নত করে এখানে একটা সুন্দর ব্যালকনি হবে। আপনি বিশ্বের বিভিন্ন বড় বড় স্টেডিয়ামে দেখবেন বড় ব্যালকনি থাকে, ব্যালকনিতে এসে বসে চা-কফি খায়। ওই ব্যবস্থা থাকবে। ভেতরে লাউঞ্জ থাকবে ২৫০ থেকে ৩০০ জনের জন্য।’
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের আদলেই লাউঞ্জ আর ব্যালকনি বানানোর পরিকল্পনা আছে তামিমের। যেখানে খেলা ছাড়াও যেকোনো সময় ক্রিকেটাররা এসে সময় কাটাতে পারবেন। এই প্রসঙ্গে তামিম আরো বলেন, ‘চেষ্টা করছি ওই ধরনেরই করার। কিন্তু যেরকম পরিকল্পনা আছে ব্যালকনি দিয়ে বড় করে করার। শুধু খেলার দিন না, যেকোনো সময় উনারা এসে কফি-টফি যদি খেতে চান সুন্দর মাঠের ভিউ নিয়ে এক্সেস করতে পারবেন।’


