ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলার শিকার হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্য আহত হয়েছেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে তারা ওই হামলার মুখে পড়েন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা র্যাব-৯ এর গোয়েন্দা শাখার সদস্য।
আহতরা হলেন- মালেক, রাশেদ ও কাজল। তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বিকালে র্যাবের তিন সদস্য খাগাতোয়া গ্রামে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এ সময় ওই গ্রামের চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা টের পেয়ে র্যাব সদস্যের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে মারধর করে।
এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের গোয়েন্দা সদস্যরা। মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতপ্রাপ্ত সদস্যের বেশ কয়েকটি সেলাই লেগেছে।
এ ঘটনায় থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


