ব্রাজিলের হোঁচট, ঘুরে দাঁড়ানোর বার্তা আনচেলত্তির

ব্রাজিলের হোঁচট, ঘুরে দাঁড়ানোর বার্তা আনচেলত্তির
ছবি: বাসস
Advertisement
Advertisement

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সে অনেক প্রশ্ন উঠেছে। তবে সেলেসাওদের হতাশ না হতে বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের প্রথমার্ধে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। ১৯৩৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হারার শঙ্কায় পড়েছিল তারা। পরে ভিনিসিয়াস জুনিয়রের চমৎকার গোলে রক্ষা পায় দল। পারফরম্যান্স আশানুরূপ না হলেও ম্যাচ শেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান আনচেলত্তি।

ব্রাজিল কোচ বলেন, ‘শুরুর দিকে ম্যাচটি কঠিন ছিল। দল কিছুটা নার্ভাস ছিল। আমরা ভালো খেলিনি, তবে মন খারাপ করা চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দল নিখুঁত খেলবে, এমন ভাবা ঠিক নয়। এই ফল খারাপ নয়। দ্বিতীয় ম্যাচ থেকে আমরা ঘুরে দাঁড়াব। প্রথম ম্যাচ দিয়েই বিশ্বকাপ জয় করা যায় না।’

পারফরম্যান্স নিয়ে অকপট ছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ধীরগতির শুরুর খেসারত দিতে হয়েছে জানিয়ে টুর্নামেন্টে খেলার মান বাড়ানোর তাগিদ দেন তিনি।

ভিনিসিয়াস বলেন, ‘আমাদের শুরুটা খুব খারাপ ছিল। গোল হজমের পর ম্যাচে ফেরা কঠিন। প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। আমাদের উন্নতি করতে হবে। বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ নয়। খেলার মান আরও বাড়াতে হবে।’

অন্যদিকে ভীতিহীন ফুটবল খেলেছে মরক্কো। কোচদের মন্ত্রে উজ্জীবিত অ্যাটলাস লায়ন্সরা পুরো ম্যাচেই গতিময় ফুটবলে ব্রাজিলকে চাপে রাখে। বিশেষ করে প্রথমার্ধে মাঠের নিয়ন্ত্রণ ছিল মরক্কোর হাতেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad