ঢাকায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত ব্যাংক বিটের সাংবাদিকদের উদ্যোগে ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ নামে একটি পেশাজীবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন।
সভাটি মূলত ব্যাংকিং খাতসংক্রান্ত সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনার জন্য আহ্বান করা হয়। সেখানে অংশগ্রহণকারী সাংবাদিকরা পারস্পরিক আলোচনায় ব্যাংক বিট প্রতিবেদকদের পেশাগত উৎকর্ষ, প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে একটি সংগঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনার একপর্যায়ে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে একটি আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের জন্য কয়েকটি নাম প্রস্তাব করা হলে অধিকাংশের মতামতের ভিত্তিতে ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ নামটি চূড়ান্ত করা হয়।
গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চ্যানেল আইয়ের রিজভী নেওয়াজকে এবং সদস্য সচিব হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেখ আবু তালেব।
কমিটির অন্য সদস্যরা হলেন রূপালী বাংলাদেশের রহিম শেখ, ডেইলি অবজারভারের শামসুল হুদা, মানবজমিনের এম এম মাসুদ, চ্যানেল২৪-এর মাসুম মিয়া, সময় টিভির সেলিয়া সুলতানা, সিটিজেন জার্নালের মরিয়ম সেঁজুতি, এনটিভির আনিসুজ্জামান, জনকণ্ঠের নাজমুল ইসলাম এবং চ্যানেল ওয়ানের মিনা ফেরদৌস।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব শেখ আবু তালেব।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্সের সদস্যসচিব আবু তালেব টাইমসকে জানান, ব্যাংক ও নন-ব্যাংকিং খাতসংক্রান্ত সাংবাদিকতায় নৈতিক মানদণ্ড বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, ‘তথ্যের উন্মুক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহি, রিয়েল-টাইম ভিত্তিতে তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং সাংবাদিকতার সব ক্ষেত্রে স্বাধীনতায় আমরা বিশ্বাস করি।’


