চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি রাজনৈতিক স্লোগান ব্যবহারের ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার বিভাগীয় সভাপতি রকীবা নবীর সই করা পরীক্ষার রুটিনে এ ঘটনা ঘটে।
বিভাগ সূত্রে জানা গেছে, আইন বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। রুটিনটি পর্যালোচনা করে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের লোগোর ঠিক নিচে লেখা রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি বিভিন্ন নথি থেকে এ স্লোগান সরিয়ে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগীয় বিজ্ঞপ্তিতে এই স্লোগান ব্যবহারকে দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘বিভাগীয় প্রধান রকীবা নবী বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বর্তমান সময়েও এমন স্লোগান ব্যবহার করা পতিত স্বৈরাচারের বন্দনা করারই নামান্তর।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘সকাল থেকে বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছি। চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) বিষয়টি উপাচার্যকে জানিয়েছেন। আমরা সশরীরে তার সঙ্গে কথা বলব।’
এ বিষয়ে আইন অনুষদের ডিন মু. জাফর উল্লাহ তালুকদার সরাসরি মন্তব্য এড়িয়ে বলেন, বিষয়টি বিভাগীয় চেয়ারম্যান ভালো বলতে পারবেন।
অভিযোগের বিষয়ে বিভাগীয় সভাপতি রকীবা নবী জানান, জুলাই-পরবর্তী সময়ে শেখ হাসিনার স্লোগানসম্বলিত প্যাডগুলো সরিয়ে ফেলা হয়েছিল। তবে কীভাবে এই প্যাডটি ব্যবহৃত হলো, তা তিনি জানেন না।
তিনি বলেন, ‘প্রতিদিন বিভিন্ন কাজে অনেক প্যাডে সই করতে হয়। এটিতেও আমি বাকি তথ্য দেখে সই করেছি। এখানে যে এই স্লোগান ছিল, তা খেয়াল করিনি। এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে।’


