চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একই বাড়ির পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর এলাকার জব্বার বাপের বাড়িতে এই ঘটনা ঘটে।
আগুনে ওই বাড়ির জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন ও মো. রাশেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, সবাই যখন ঘুমে ছিলেন, তখন হঠাৎ আগুন লেগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সব পুড়ে যাওয়ায় ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোয়ালখালী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক অলক চাকমা জানান, আগুনে একটি সেমিপাকা ও চারটি টিনশেড বসতঘর পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


