দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের দীর্ঘদিনের নানামুখী ও প্রকৃত সমস্যা জাতীয় সংসদে তুলে ধরেছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান।
মঙ্গলবার সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন আজীজুর রহমান।
সংসদে তিনি বলেন, ‘দেশের আমদানি-রপ্তানির ৯০ ভাগ আইটেম এই বন্দর দিয়েই আনা নেওয়া হয়। অথচ গুরুত্বপূর্ণ এ বন্দরে জনবল সংকট, জলাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, যাত্রী হয়রানি, অবৈধ স্থাপনা, শ্রমিক শোষণসহ নানা সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান।’
‘বন্দরের নির্ধারিত ২১৬ জন জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৪৮ জন। প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে শত শত কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি,’ যোগ করেন তিনি।
এ ছাড়া আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবৈধ প্রবেশ, যাত্রীদের হয়রানি, ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার পর সৃষ্ট দীর্ঘ অপেক্ষার সুযোগে অসাধু চক্রের দৌরাত্ম্যের বিষয়টিও তুলে ধরেন তিনি।
বন্দরের ভেতরে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ, মাদকসহ অবৈধ কার্যক্রম বন্ধ এবং যানজট নিরসনের প্রয়োজনীয়তার কথাও বলেন আজীজুর রহমান।
একইসঙ্গে আজীজুর রহমান শ্রমিকদের বঞ্চনা, মানবেতর জীবনযাপন, নিরাপত্তাহীনতা এবং চিকিৎসা সুবিধার অভাবের বিষয়টি তুলে ধরেন। তিনি দ্রুত একটি ৫০ শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনেরও দাবি জানান।
নোটিশটি উত্থাপনের পর সড়ক যোগাযোগ ও নৌপথ মন্ত্রী রবিউল আলম বলেন, ‘বেনাপোল বন্দরের সমস্যাগুলো আমরা অবগত আছি। সর্বক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্দরের সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
শ্রমিকদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ইজারাদার প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। তারপর সরকার শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করবে।’


