চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে পতেঙ্গার গুপ্তখালে পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা থেকে বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ জেট এ-১ পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এতদিন বিমানবন্দরে জ্বালানি সরবরাহ করা হতো ট্যাংকলরির মাধ্যমে। যে খাতে বছরে ব্যয় হতো প্রায় ৮ কোটি টাকা।
পদ্মা অয়েল জানিয়েছে, দৈনিক ২ লাখ ২৫ হাজার লিটার এবং বছরে প্রায় ৬৫ হাজার টন জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ১৭০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
৮ ইঞ্চি ব্যাসের আধুনিক ইপক্সি কোটযুক্ত ও থ্রি এলপিই কোট সম্বলিত এই পাইপলাইন ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহন করতে সক্ষম। অন্তত দেড় মিটার ভূগর্ভস্থ এই পাইপলাইনটি আগামী ৩০ বছর কার্যকর থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি অত্যাধুনিক স্ক্যাডা কনট্রোল ও অটোমেশন সিস্টেমে পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত কুমার বড়ুয়া।


