পাকইস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হলেও মাঠে গড়ায়নি একটি বলও। কলম্বোর টানা বৃষ্টিতে বাংলাদেশ সময় রাত ৯টা ৩৬ মিনিটে পরিত্যক্ত ঘোষণা হয়েছে সুপার এইটের এই ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
টসে জিতে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। একাদশে ছিল একটি বদল, খাওয়াজা নাফের বদলে ফেরানো হয় ফখর জামানকে। যদিও ম্যাচ ভেসে যাওয়াতে ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি কারো। এদিকে নিউজিল্যন্ডের একাদশে ছিল তিন পরিবর্তন।
দিনের শুরু থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল কলম্বোতে। এক ফাঁকে টসে হলেও টানা বৃষ্টিতে ম্যাচ মাঠে গড়ানোর মতো পরিস্থিতি আসেনি প্রেমাদাসায়। তবুও স্টেডিয়াম খেলার উপযোগী করতে গ্রাউন্ডসম্যানদের চেষ্টার কমতি ছিল না। দফায় দফায় আম্পায়াররা করেছেন পরিদর্শনও। পরিস্থিতি অনুকূলে না আসায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তষ্ট থাকতে হয়েছে দুই দলকে।
সুপার এইটে পাকিস্তানের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ২৪ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে মুখোমুখি হবে দুই দল। ২৫ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলংকা।


