সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় এদিনের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৫ জানুয়ারি নেওয়া হবে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুসারে, ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। পৃথকভাবে দেড় ঘণ্টা করে দুটি বিষয়ে মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ৫ জানুয়ারি একইভাবে পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।
এস এম কামাল উদ্দিন হায়দার টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘নতুন পরীক্ষার তারিখ অনুযায়ী পরীক্ষা একই সময় ও কেন্দ্রে হবে। শিক্ষার্থীদের নতুন প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রোববার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই তিন দিন সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।


