মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকির।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্স সেমিনার হলে সমিতি আয়োজিত আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) এম আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সহসভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ইয়াসমিন গফুর।
এ সময় আরও বক্তব্য দেন এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মো. আবুল হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে সমিতির সহসভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. আব্দুর রহমান খান ও সহসভাপতি (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) মো. মোখলেছুর রহমান, সমিতির সদস্যগণ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি তোমাদেরকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তোমাদেরকে আইন জানা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধ করলে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, প্রত্যেক জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা ঘোষণা করা হয়েছে।
অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আইজিপি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি তাদের জন্য আয় বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে আইজিপির অনুরোধে ‘কেমন পুলিশ চাই’ বিষয়ে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সৌমিক সরকার দুর্জয়, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের মাহিন আল হোসেন ও এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের মাহজাবিন জেরিন পুষ্পিতা এ তিন শিক্ষার্থী মতামত ব্যক্ত করেন। তারা পুলিশকে বন্ধুসুলভ, জনবান্ধব পুলিশ হিসেবে দেখতে চায়।
সভাপতির বক্তব্যে এম আকবর আলী বলেন, পুলিশ সদস্যদেরকে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে।
উল্লেখ্য, কমিউনিটি ব্যাংকের সিএসআর থেকে প্রাপ্ত অর্থে বাংলাদেশ পুলিশ পরিচালিত স্কুল ও কলেজ থেকে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চারশ’ শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ দেওয়া হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগরীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বাকি ৩০০ জনকে সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।


