ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজউব ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ দেওয়া অন্যান্য ফেডারেশনের প্রধানদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতির জন্য মেক্সিকো সিটিতে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবার মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি দেখতে গিয়েছিলেন। তবে বিশ্বকাপে যোগ দেওয়ার জন্য স্বীকৃতি পাওয়া এমন বেশ কয়েকজন ব্যক্তির মধ্যে তিনিও একজন, যাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে অথবা যারা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভিসা পাননি।
ফিলিস্তিনি এই অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এপিকে বলেন, ‘আমি বিশ্বাস করি না যে বিশ্বজুড়ে সমস্ত ফুটবলারদের উপস্থিত থাকার অধিকার কেড়ে নেওয়া বা এর অপব্যবহার করা এবং এই অধিকার অস্বীকার করা ন্যায্য।’
ফিলিস্তিন দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে ফিফা সাধারণত প্রতি চার বছর পর পর বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এই ইভেন্টে আমন্ত্রণ জানায়, যেটিকে তারা বৈশ্বিক ঐক্যের উৎসব হিসেবে তুলে ধরে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছর বলেছিলেন, ‘আগামী বছর ফিফা বিশ্বকাপের জন্য কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সবাইকে স্বাগত জানানো হবে। আমরা ঠিক সেটার জন্যই কাজ করছি।’
তবে, মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিয়ার একজন রেফারি এবং ইরাক দলের সঙ্গে ভ্রমণকারী একজন ফটোগ্রাফারসহ একঝাঁক দেশের প্রতিনিধিদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করেছে।
ইনফান্তিনো এই সপ্তাহে বলেছিলেন, ফিফা ভিসার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে কিন্তু মার্কিন সরকারের সিদ্ধান্তকে বাতিল করতে পারে না।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এটি সম্মান করতে হবে যে আমরা পৃথিবীর রাজা নই যারা সরকার এবং পুলিশ বাহিনীকে শাসন করতে পারি।’
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট রাজউবের ভিসার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে গত বছর ফিলিস্তিনি পাসপোর্টধারীদের ওপর নতুন বিধিনিষেধ কার্যকর করেছে, যার মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে চাকরি করা যেকোনো ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
গত সেপ্টেম্বরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘ সাধারণ পরিষদে ভ্রমণের জন্য দেওয়া একটি ভিসাও তারা বাতিল করেছিল।


