ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের খোলা সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ একই উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার শাহজাহান শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকেরা। ভবনটির ঠিক সামনেই বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের একটি ঝুঁকিপূর্ণ খোলা সঞ্চালন লাইন রয়েছে। সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় অসাবধানতাবশত সজিবের হাতের একটি লম্বা রড ওই তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব ও রুবেল দুজনই ছিটকে পড়েন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজিব শেখকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত রুবেল শেখ বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ৩৩ হাজার ভোল্টের খোলা লাইন রেখে ভবন নির্মাণ ও বিদ্যুৎ সংযোগের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত এই সঞ্চালন লাইনটি নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


