নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজন নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেইট জমিদারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত ইমন হোসেন (১৯) বেগমগঞ্জের লতিফপুরের বাসিন্দা এবং আহত নুর হোসেন (১৮) একই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ইমন ও নুর মোটরসাইকেলে করে জমিদারহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। একজন নিহত হওয়ার খবর শুনেছি।’


