যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। পরে তাদের খোঁজ না পেয়ে দাদি লোকজন নিয়ে পুকুরে যান। সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি অনেকটা পরিত্যক্ত। সেখানে লোকজন তেমন গোসল করতে যায় না।
বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’


