বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই করতে তাদের সুনির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পরিচালিত ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে সাফল্য অর্জন করছেন, তার ধারাবাহিকতা রক্ষা করতে সরকার বদ্ধপরিকর। সাধারণ খেলাধুলার মতো পর্যায়ক্রমে তাদের জন্যও জাতীয় লীগ চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, সকল প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করা হবে।
বিভিন্ন সংগঠনের ক্লাবগুলোর আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি।
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও মাসিক বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের কথা জানিয়ে তিনি বলেন, বিশেষায়িত ক্রীড়া সামগ্রীর চাহিদা পর্যায়ক্রমে পূরণ করা হবে।
দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই খেলোয়াড়দের আরও সুপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন।


