জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও আলোচনা করেছে।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক এবং ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন। এদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ সময় বৈঠকে আগের আলোচিত বিষয়গুলো পুনঃপর্যালোচনা করা হয়। কমিশনের পক্ষে অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া।
এ ছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।


