নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে এবং শুক্রবার নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়।
পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি (২২), মোবারক হোসেন বেপারী (২৬), জনি গাজী (৩০), মনির ও ফাহিম।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ‘আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


