জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।’

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময় জামায়াত আমির ও তার দলের গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানান মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দল, উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।

আরও পড়ুন

এ সময় জামায়াত আমিরের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে, তার এমন আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐক্য সুসংহত করতে শফিকুর রহমান অতীতে যে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন বলেই আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।’

বার্তায় তিনি জামায়াত আমিরের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad