বিরোধী দলের এমপিদের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আমন্ত্রণে নির্দেশনা

বিরোধী দলের এমপিদের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আমন্ত্রণে নির্দেশনা
Advertisement
Advertisement

জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্যদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগ জানিয়েছে, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সব সংসদ সদস্যকে জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে বৈঠকে আমন্ত্রণ নিশ্চিত করতে ডিসিদের বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুন টাইমস অব বাংলাদেশ পত্রিকায় ‘জেলা আইন শৃ্ঙ্খলা কমিটিতে বিরোধীদলীয় এমপিরা উপেক্ষিত’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বিভিন্ন জেলার বিরোধীদলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও তাদেরকে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার বিষয়ে অবহিত করা হয় না এবং অধিকাংশ ক্ষেত্রেই সভায় আমন্ত্রণ জানানো হয় না।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) জিয়াউদ্দিন আহমেদ সোমবার টাইমসকে বলেন, ‘যেহেতু এই বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন রয়েছে, সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে আমরা ডিসিদের বলেছি। কিছু জায়গায় অনেক এমপিকে ডাকা হয়নি এমন অভিযোগ পাওয়ার পর আমরা ডিসিদের সঙ্গে কথা বলেছি। বেশিরভাগ জায়গায় মিটিংয়ে এমপিরা ডাক পান। আর যেখানে পাননি, সেগুলোতে এমপিদের আমন্ত্রণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক অবস্থা বজায় রাখার স্বার্থেই ওই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।’

আরও পড়ুন

এর আগে টাইমস অব বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসে, জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সব সংসদ সদস্যকে জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনেক জেলা প্রশাসক যথাযথভাবে অনুসরণ করছেন না।

ফলে বিরোধী দল জামায়াত ও এনসিপির বহু সংসদ সদস্য জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে জারি করা প্রজ্ঞাপনে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসককে সভাপতি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট ‘জেলা আইনশৃঙ্খলা কমিটি’ পুনর্গঠন করা হয়।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘জেলার সকল সংসদ সদস্য জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন। সভার কার্যবিবরণী তাদের নিয়মিত সরবরাহ করতে হবে। পৃথক নোটিশের মাধ্যমে তাদের সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad