নাটকের জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় হুট করে সুখবর দিলেন। এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গীর নাম তাহসিন তামান্না।
বছরদুয়েক ধরেই অনেকটা আড়ালে এ পরিচালক। এর মধ্যেই হুট করে আসা এ খবরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ভেসে যাচ্ছেন আরিয়ান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।
সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’
কনে তাহসিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে।


