যেকোনো মূল্যে কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সাড়া দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বুধবার সকালে ঢাকার শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা।
এইদিন জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে একটি র্যালি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল গেট থেকেশুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
উপদেষ্টা বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায় সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে।’
শিশু ও নারীর ওপর যে কোনো ধরনের সহিংসতায় দ্রুত সাড়া দিতে ‘র্যাপিড কুইক রেসপন্স স্ট্র্যাটেজি’ চালু করা হচ্ছে। এর আওতায় দেশের যেকোনো স্থানে ২৪ ঘণ্টার মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান শারমীন এস মুরশিদ।
এবারের কন্যা দিবসের প্রতিপাদ্য ‘যখন মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে’।


